নকশিকাঁথার মাঠ ১/১৪ - জসিম উদ্দিন

বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে ক্ষীর নদী,  
 উইড়া যাওয়ার সাধ ছিল, পাঙ্খা দেয় নাই বিধি।  
                   -রাখালী গান  
  
 এই এক গাঁও, ওই এক গাঁও — মধ্যে ধু ধু মাঠ,  
 ধান কাউনের লিখন লিখি করছে নিতুই পাঠ।  
 এ-গাঁও যেন ফাঁকা ফাঁকা, হেথায় হোথায় গাছ;  
 গেঁয়ো চাষীর ঘরগুলি সব দাঁড়ায় তারি পাছ।  
 ও-গাঁয় যেন জমাট বেঁধে বনের কাজল কায়া,  
 ঘরগুলিরে জড়িয়ে ধরে বাড়ায় বনের মায়া।  
  
 এ-গাঁও চেয়ে ও-গাঁর দিকে, ও-গাঁও এ-গাঁর পানে,  
 কতদিন যে কাটবে এমন, কেইবা তাহা জানে!  
 মাঝখানেতে জলীর বিলে জ্বলে কাজল-জল,  
 বক্ষে তাহার জল-কুমুদী মেলছে শতদল।  
 এ-গাঁর ও-গাঁর দুধার হতে পথ দুখানি এসে,  
 জলীর বিলের জলে তারা পদ্ম ভাসায় হেসে!  
 কেউবা বলে — আদ্যিকালের এই গাঁর এক চাষী,  
 ওই গাঁর এক মেয়ের প্রেমে গলায় পরে ফাঁসি;  
 এ-পথ দিয়ে একলা মনে চলছিল ওই গাঁয়ে,  
 ও-গাঁর মেয়ে আসছিল সে নূপুর-পরা পায়ে!  
  
 এইখানেতে এসে তারা পথ হারায়ে হায়,  
 জলীর বিলে ঘুমিয়ে আছে জল-কুমুদীর গায়ে।  
 কেইবা জানে হয়তো তাদের মাল্য হতেই খসি,  
 শাপলা-লতা মেলছে পরাগ জলের উপর বসি।  
 মাঠের মাঝের জলীর বিলের জোলো রঙের টিপ,  
 জ্বলছে যেন এ-গাঁর ও-গাঁর বিরহেরি দীপ!  
 বুকে তাহার এ-গাঁর ও-গাঁর হরেক রঙের পাখি,  
 মিলায় সেথা নতুন জগৎ নানান সুরে ডাকি।  
 সন্ধ্যা হলে এ-গাঁর পাখি ও-গাঁর পানে ধায়,  
 ও-গাঁর পাখি এ-গাঁয় আসে বনের কাজল ছায়।  
 এ-গাঁর লোকে নাইতে আসে, ও-গাঁর লোকেও আসে  
 জলীর বিলের জলে তারা জলের খেলায় ভাসে।  
  
 এ-গাঁও ও-গাঁও মধ্যে ত দূর — শুধুই জলের ডাক,  
 তবু যেন এ-গাঁয় ও-গাঁয় নেইকো কোন ফাঁক।  
 ও-গাঁর বধু ঘট ভরিতে যে ঢেউ জলে জাগে,  
 কখন কখন দোলা তাহার এ-গাঁয় এসে লাগে।  
 এ-গাঁর চাষী নিঘুম রাতে বাঁশের বাঁশীর সুরে,  
 ওইনা গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুরে!  
 এ-গাঁও হতে ভাটীর সুরে কাঁদে যখন গান,  
 ও-গাঁর মেয়ে বেড়ার ফাঁকে বাড়ায় তখন কান।  
 এ-গাঁও ও-গাঁও মেশামেশি কেবল সুরে সুরে;  
 অনেক কাজে এরা ওরা অনেকখানি দূরে।  
  
 এ-গাঁর লোকে দল বাঁধিয়া ও-গাঁর লোকের সনে,  
 কাইজা ফ্যাসাদ্ করেছে যা জানেই জনে জনে।  
 এ-গাঁর লোকেও করতে পরখ্ ও-গাঁর লোকের বল,  
 অনেকবারই লাল করেছে জলীর বিলের জল।  
 তবুও ভাল, এ-গাঁও ও-গাঁও, আর যে সবুজ মাঠ,  
 মাঝখানে তার ধূলায় দোলে দুখান দীঘল বাট;  
 দুই পাশে তার ধান-কাউনের অথই রঙের মেলা,  
 এ-গাঁর হাওয়ায় দোলে দেখি ও-গাঁয় যাওয়ার ভেলা। 
  
====== 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url